খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার খালিয়াজুরীতে প্রায় লাখ টাকার ইয়াবাসহ মোছা: হাসেনা আক্তার (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাসেনা আক্তার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের মো: জয়নাল মিয়ার স্ত্রী।
গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) জিয়াউল রাব্বি তার বাহিনীর সদস্যদের নিয়ে লেপসিয়া বাজারের লঞ্চ ঘাট থেকে তাকে ৩২৫ পিস ইয়াবাসহ সকাল ১০টার দিকে গ্রেফতার করে। পরবর্তীকালে হাসেনাকে খালিয়াজুড়ি থানায় পাঠানো হয়েছে।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন মাদক কারবারি হাসেনাকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ‘হাসেনাকে ৩২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এবং জব্দ ওই মাদকের মূল্য আনুমানিক ৯৭ হাজার ৫০০ টাকা। হাসেনা আক্তার এখন খালিয়াজুড়ি থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আগামীকাল শুক্রবার (৩ জুলাই) সকালে যথাযথ পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হবে। মাদককে জিরো টলারেন্স করার লক্ষ্যে আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’