বরগুনা পৌরসভার কালিবাড়ির মেয়ের ধর্ষণ মামলার বাদি হত্যা মন্টু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও শান্তনা দিতে বরগুনায় ছুটে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এ সময় সাথে ছিলেন সহ-স্বনির্ভর সম্পাদক আছমা আজিজ।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস মন্টুর গ্রামের বাড়ি কড়ইতলা এলাকার কালীবাড়িতে ছুটে যান ও মন্টুর পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করে জানায় যে, আপনি একটু বরগুনায় মন্টু দাসের পরিবারের পাশে দাঁড়ান। তাই আমি তার পক্ষ থেকে এসেছি। আমাদের জাতীয়তাবাদী দল আপনার পাশে আছে। যেখানেই নারী নির্যাতন হচ্ছে জাতীয়তাবাদী মহিলাদল তাদের পাশে আছে।’

তিনি আরো বলেন, ‘আমরা অনেকেই দেশে থেকেও অনেক খবর ঠিকমতো পাই না অথচ তারেক রহমান বিদেশে থেকেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের খোঁজ খবর রাখছেন।’

আফরোজা আব্বাস নিহতের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা কখনো মনে করবেন না আপনাদের পাশে কেউ নেই, সবার আগে তারেক রহমান আপনাদের খোঁজ নিয়েছেন। আপনাদের সাথে কথা বলেছেন, আমিসহ বরগুনার অনেক বিএনপির নেতারা আপনাদের খোজঁ খবর নিয়ে গেছেন। আপনাদের পাশে দাঁড়িয়েছেন। মনে রাখবেন, সবসময় তারেক রহমান আপনাদের সাথে আছেন। কোনো ভয় পাবেন না, তার মাধ্যমে আপনাদের বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করে দেয়া হয়েছে। আশা করি, আপনারা ন্যায়বিচার পাবেন।’

এ সময় মহিলা দলের সভানেত্রীর সাথে ছিলেন সহ-স্বনির্ভর সম্পাদক আছমা আজিজ, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি রঞ্জু আরা শিপুসহ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।