নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন মো: হালিম ওরফে বোচা হালিম (৫২), মো: শাহিন খাঁ (৪২) ও মো: নয়ন (৩২)।
এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালঙ্কার ও ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে হালিম ও শাহিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের আটিবাজারস্থ ছায়ানীড় মার্কেট সংলগ্ন নয়ন জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে ছয় ভরি আট আনা ওজনের স্বর্ণালঙ্কারসহ নয়নকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, পরে তাদের তথ্যমতে ব্যবসায়ী হুমায়ুন কবিরের পার্শ্ববর্তী ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়। গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ভোররাতে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসার গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় কমপক্ষে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।