গাজীপুরে এক বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ওই বিএনপি নেতার নাম তোফাজ্জল হোসেন শেখ। ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

বুধবার (২৭ আগস্ট) ভোররাতে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তোফাজ্জল হোসেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

ভুক্তভোগী বিএনপি নেতা তোফাজ্জল হোসেন শেখ জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ তালা ভাঙার শব্দ শুনতে পাই। কোনো কিছু বোঝার আগেই ১৫-১৬ জনের এক দল ডাকাত তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতেরা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে সকলকের হাত পা বেঁধে ফেলে। এ সময় তারা নগদ এক লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

ডাকাতির খবর পেয়ে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। গত কয়েক দিনে একাধিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।