ময়মনসিংহের ভালুকায় মানব কঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। তার কাছ থেকে তিনজন মানুষের কঙ্কাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো: মাসুদ রানা (২২) শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো: ইউসুফ আলীর ছেলে।

সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিনটি স্কুল ব্যাগে মানব কঙ্কাল নিয়ে বিক্রির জন্য মাসুদসহ দু’জন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে ওঠার সময় যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগগুলো তল্লাশি করতে চায়। এ সময় তারা দৌড়ে পালাতে চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় মাসুদ নামে একজনকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলিসহ কঙ্কালগুলো জব্দ করে করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, দুই যুবক বিক্রির জন্য কঙ্কালগুলো নিয়ে ঢাকা যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশি করার সময় দৌড়ে পালাতে চায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার থেকে মাসুদ রানাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।