রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জেলা পরিষদের প্যনেল চেয়ারম্যান আজম আলী মণ্ডলসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের ১ নম্বর আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তামজিদ আহম্মেদ এই আদেশ দেন।

কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন- রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম আলী মণ্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, জেলা সেক্রটারি এরাদত কাজীর পিএস রিকু, মানিক সরদারসহ যুবলীগ ও ছাত্রলীগের আরো কয়েকজন নেতাকর্মী।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজিব মোল্লা নামের এক ব্যক্তি সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। অভিযুক্তরা এতদিন উচ্চ আদালতের জামিনে ছিলেন।

আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়, তবে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।