ফেনীর সোনাগাজীতে বিভিন্ন মসজিদে একটানা ৪০ দিন জামায়াতে সাথে নামাজ আদায় করে ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়া তিন শতাধিক তরুণকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সাইকেল উপহার দিয়েছে নবাবপুর ইউনিয়ন পরিষদ।
বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বিসি লাহা উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়েজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে এবং কলরব শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা ইয়াসিন হায়দারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপ অব ইন্ডাস্ট্রির পরিচালক মাবরুর হোসেন। সোনাগাজী-দাগনভুঞা সার্কেল দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার তসলিম হেসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা প্রমুখ।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী আয়োজন। আমি খুবই আনন্দিত। কিশোর-কিশোরীরা ধর্মীয় বিষয়ে আরো আগ্রহী হয়ে উঠবে। এমন উদ্যোগের মাধ্যমে সমাজে অন্যায় অপরাধ কমে আসবে।’
ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, ‘আমরা আমাদের ছেলে মেয়েদের সুসন্তান হিসেবে গড়ে তুলতে হলে আগে তাদের ধর্মীয় অনুভূতি জাগ্রত করতে হবে। সমাজ থেকে অনাচার দূর করতে ও যুব সমাজকে মসজিদমুখী রাখতে আমাদের ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে। আগামীতে এসব প্রতিযোগিতা অব্যাহত রাখা হবে।’
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।