সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নানা ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ শেষে প্রশাসনিক ভবন চত্বর থেকে সিকৃবির মান্যবর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

র‍্যালি-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর একটি স্মারক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

প্রদর্শনী শেষে ‘জুলাই গণ-অভ্যুত্থান’২৪: বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কেবল ক্ষমতার পালাবদল ছিল না, বরং এটি ছিল একটি বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে আপামর জনসাধারণের ঐতিহাসিক জাগরণ। নিজেদের তাজা প্রাণ দিয়ে তরুণ প্রজন্ম সমগ্র জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘বিগত সরকারের ১৭ বছরে দেশের প্রতিটি খাতে দুর্নীতি প্রকট রূপ নিয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। আইনের শাসন ও বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণই ছিল এই আন্দোলন। শহীদদের রক্ত ও বীর জনতার ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি হয়েছে, তাকে রক্ষা করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলাই এখন আমাদের পবিত্র দায়িত্ব।’

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, জাতীয় দিবস উদযাপন কমিটি ও প্রভোস্ট কাউন্সিলের সদস্যগণ, বিভিন্ন দফতরের প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ‘জুলাই’২৪’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মিলাদ, দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়।