গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে তার তিন সহযোগীসহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (৩১ মে) ভোররাতে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার ও মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টিম বাঘেরবাজার ও মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে আটক করে তারা। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগী অপু, নাহিদ ও জাহিদকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে বিশাল আকৃতির রামদা, ছুরি ও চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লার নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে বাঘের বাজারসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তিনি স্থানীয় জায়ান্ট টেক্সটাইল কারখানা এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সাথে সরাসরি জড়িত। এছাড়া সম্প্রতি সেনাবাহিনীর টহল টিমের সামনেই অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেন তিনি।
স্থানীয়রা জানায়, সন্ত্রাসী ইলিয়াস মোল্লা গ্রেফতারের ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনী ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘদিন পর তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেয়েছেন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, ‘ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় চারটি মামলা রয়েছে। আটক চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’