ময়মনসিংহের ভালুকায় এক বীর মুক্তিযোদ্ধা কুপিয়ে এবং এক নারীকে গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে। এ সময় পিটিয়ে আহত করা হয়েছে আরো দু’জনকে। দুই হত্যাকাণ্ডের ঘাতক ছাইদুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে হত্যাকাণ্ড দু’টি ঘটে।
থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সময় নিজ বাড়ির উঠানে ধান পরিমাপ করছিলেন উপজেলার পাঁচগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: আশরাফ উদ্দিন (৮০)। ওই সময় একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে ছাইদুল ইসলাম কোদাল দিয়ে মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের মাথায় এলোপাথাড়ি কোপায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন একই গ্রামের ছলিম উদ্দিন ফকিরের ছেলে।
এছাড়াও একই দিন বিকেলে ঘাতক ছাইদুল ইসলাম তার বড়ভাই শহিদ উদ্দিনের স্ত্রী হাফেজা আক্তারের গলায় কাঁচি দিয়ে পোছ দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তাছাড়া ছাইদুল ইসলামের আঘাতে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী সোলায়মান সিকদার ও ফয়েজ উদ্দিনের স্ত্রী জীবন নাহার (৬০) আহত হন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন জানান, লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সাইদুলকে আটক করা হয়েছে।