মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
আজ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (৭ মে) দিবাগত রাত ৪টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে চার নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি। কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী বোটটিকে থামার সঙ্কেত দেয়। এরপর বোটটি সঙ্কেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করা হয়।
তিনি জানান, বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীরা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এবং চট্টগ্রামের বাসিন্দা। উদ্ধার করা সার টেকনাফ কাস্টমস-এ এবং আটক পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালানরোধ বেশিভাগ উন্নত হয়েছে।