কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করে ছাত্র প্রতিনিধিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে উখিয়া সদরের ফলিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

আটকদের মধ্যে ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সাবেক সমন্বয়ক ও এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া রয়েছেন বলে জানা গেছে।

কয়েকজন আন্দোলনকারি চাকরিচ্যুত শিক্ষক জানিয়েছেন, সকালে উখিয়া সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তার মোড়ে ৪০ থেকে ৫০ জন ভুক্তভোগী শিক্ষক অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়া সড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখে। একপর্যায়ে পুলিশ এসে আন্দোলনকারীদের সরে যেতে নির্দেশ দেয়। এতে পুলিশের নির্দেশ অমান্য করতে থাকলে আন্দোলনকারীদের ওপর উস্কানিতে লাঠিপেটা করা হয়েছে। ঘটনায় সাত থেকে আটজন আন্দোলনকারী শিক্ষক আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১০ থেকে ১৫ জন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায়। আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো: জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা সেখানে কয়েকজনকে হেফাজতে নিয়েছি। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আগের দিন চাকরিচ্যুতদের সাথে বৈঠকও হয়েছিল।’

উল্লেখ্য, গত এক বছর ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।