স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদদের অধিকার রক্ষা এবং পেশাগত বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে কৃষি অনুষদের শিক্ষার্থীরা ওই বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় ৬ দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা বলেন, ‘দাবিগুলো মানা না হলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয়া হয়।’
পরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘ডিপ্লোমা কৃষিবিদরা আমাদের রুটিরুজিতে আঘাত করছে, যা আমরা কখনোই মেনে নেব না। কৃষি বিষয়ে জ্ঞান ও দক্ষতা তাদের তুলনায় আমাদের বেশি। দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করতে হলে দক্ষ কৃষিবিদদের বিকল্প নেই। বৈষম্যমুক্ত দেশে কৃষির সব বিভাগে প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ দেয়া হোক। তারা যদি প্রতিযোগিতায় টিকে তাহলে কোনো সমস্যা নেই।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশেন (বিএডিসি) এবং অন্য গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/ সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে, ডিএই ও অন্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নবম গ্রেডসহ অন্য গ্রেডে নিয়মিত পদোন্নতি ও পদবৃদ্ধি করতে হবে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না, এক্ষেত্রে দশম গ্রেডের পদগুলো গ্যাজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান কাঠামোয় রাখতে হবে।
কৃষিবিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য কোনো নতুন বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে না, কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ব্যতীত অন্য কেউ নামের আগে ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহার করতে পারবে না, এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে, কৃষিবিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষিবিষয়ক প্রতিষ্ঠান (ডিএই)-এর অধীনেই রাখতে হবে।