কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান।
গ্রেফতারকৃতরা হলেন—দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বাচ্চু মিয়া এবং একই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ২০২৬ সালের এসএসসির সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার বিদ্যালয়ের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে এলে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রীর নির্দেশনার পর শনিবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদি হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলায় শিক্ষক মো: বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে আসামি করা হয়। পরে শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, ‘কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদি হয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। সে মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ও ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।’