বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সেখানকার মালেক জুট মিলের শ্রমিকরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টায় মহাসড়কের কাচঁপুর এলাকায় মালেক জুট মিলের শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

সড়ক অবরোধে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়া যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে মহাসড়ক থেকে সরে যান যান তারা। পরে চলাচল স্বাভাবিক হয়। প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

শ্রমিকরা বলেন, আজকের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারো আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছেন।

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা তা মেনে মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।