সাভারে বংশী নদীর পাড় থেকে একটি শিশুকে কুড়িয়ে পাওয়া যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো: খোরশেদ আলম।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নিয়ে তিনি এ দায়িত্ব নেন।

জানা যায়, গত রমজানের আগে সাভারে বংশী নদীর পাড়ের একটি ডাস্টবিন থেকে একটি শিশুকে কুড়িয়ে পাওয়া যায়। শিশুটি জন্মগত হার্টে একটা বড় ফুটা নিয়ে জন্মগ্রহণ করে। পরে একটি পরিবার শিশুটিকে তাদের তত্ত্বাবধানে রাখেন। তার নাম রাখা হয় সেতু। ওই পরিবার শিশুটির চিকিৎসা খরচ নিয়ে সমস্যা হচ্ছিল। পরে খবরটি বিভিন্নভাবে জানাজানি হলে কুড়িয়ে পাওয়া শিশু সেতুর সুচিকিৎসার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার দুপুরে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে সেতুর চিকিৎসার খোঁজ নিতে আসেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো: খোরশেদ আলম। পরে তারেক রহমানের অনুদানের অর্থ শিশু সেতুর বর্তমান অভিভাবকের হাতে তুলে দেয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সিইও ডা: নাজিম, ঢাকা জেলা ছাত্রদলের আহ্বায়ক তমিজ উদ্দিন তমিজ, ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদ রানা, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবরসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।