কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় নৌবাহিনী অভিযান চালিয়ে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া হলিউড পাহাড় নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মো: রাসেল (২৫) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আবুল কালামের ছেলে।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী জানতে পারে মো: রাসেলকে একদল দুস্কৃতিকারী অপহরণ করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার গহিন পাহাড়ে তাদের আস্তানায় জিম্মি করে রেখেছে। ওই আস্তানায় নিয়ে অপহরণকারীরা তাকে মারধর করে। এমন সংবাদে নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফের একটি টিম শনিবার বিকেলে অভিযান চালিয়ে মুমূর্ষু অবস্থায় রাসেলকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।