কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দু’শিশু নিখোঁজের পর তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রোববার (৬ এপ্রিল) শিশু মারিয়ার (১১) এবং শিশু মাহবুবের (৯) লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার উপজেলার শ্রীমদ্দি গ্রামের গাঙকূল বাড়ির ঘাটে শিশু মারিয়া ও শিশু মাহবুব পানিতে ডুবে নিখোঁজ হয়। ঈদের ছুটিতে মাহবুব তার নানার বাড়ি ও মারিয়া আক্তার তার বোনের বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানা গেছে।

জানা গেছে, শিশু দু’টি নিখোঁজের পর থেকেই তাদের স্বজন, প্রতিবেশী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে শনিবার শিশু দু’টিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। একদিন পর চরের গাঁওয়ের কাছে তিতাস নদীতে শিশু মাহবুবের লাশটি ভেসে ওঠে। মাহবুব নরসিংদী জেলার রায়পুর উপজেলার বিল্লাল মিয়ার ছেলে।

অপরদিকে রোববার বিকেল ৫টার দিকে শিশু মারিয়া আক্তারের লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল আলম জানান, শনিবার থেকেই আমরা নিখোঁজ দু’শিশুকে আমাদের ডুবুরিদের সহায়তায় খুঁজছি। এর মধ্যে রোববার সকালে শিশু মাহবুবের লাশটি ভেসে উঠলে তাকে উদ্ধার করেছি। অপর নিখোঁজ শিশু মারিয়ার ভাসমান লাশটি বিকাল ৫টার দিকে নদী থেকে উদ্ধার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় নদীতে নিখোঁজ শিশু মাহবুব ও মারিয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।’