পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১১ বছরের এক কন্যাশিশুকে একা পেয়ে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে মাইনুল হাওলাদার নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারসংলগ্ন পল্লব হাওলাদারের করাতকলে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত মাইনুল হাওলাদারের দোকানের সামনে গেলে তাকে করাতকল থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিতে সহায়তার কথা বলে সেখানে নেয়া হয়। পরে সেখানে অন্য কেউ না থাকায় শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তার সাথে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় এক নারী বিষয়টি দেখতে পেলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা।

অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত মাইনুল হাওলাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করার জন্য বুধবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’