সিলেটে এক প্রবাসীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরের শাহপরাণ থানার বালুচর নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ জানায়, শাহপরাণ থানার টিলা গড় পয়েন্টে দায়িত্বরত অবস্থায় গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুন বাজার সংলগ্ন এলাকার এক প্রবাসীর বাসায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজন তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে গ্রেফতার করা হয়। তবে অন্য একজন পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাসার স্টোররুমে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শাহপরাণ থানার উত্তর বালুচর এলাকার ইনরুস আলীর ছেলে আবু শিতাব (৪০) ও একই এলাকার ফিরুজ মিয়ার ছেলে মো: মহর আলী (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে অভিযানের সময় পালিয়ে যাওয়া সহযোগীর মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে ওই বাসায় মজুত করে আসছিলেন।
র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তাকে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার দুই আসামি ও তাদের পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ গ্রেফতার আসামিদের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।