অবশেষে ১০ দিন পর পুড়ে যাওয়া শিশু তাবাছছুমের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা বার্ন ইউনিটে শেষ নিশ্বাস ত্যাগ করে সে।

নিহত তাবাছছুম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ৬২ আড়িয়া গ্রামের আ: ছালাম মিয়ার মেয়ে বলে জানা গেছে। তার বয়স মাত্র দুই মাস।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ দুপুরে ছালাম মিয়ার রান্নাঘর থেকে আগুন লেগে বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে সবাই ঘর থেকে নিরাপদে বেরিয়ে যান। তবে ঘুমিয়ে থাকা শিশুকন্যা তাবাছছুমের কথা মনে ছিল না কারোরই। কিছুক্ষণ পর পরিবারের লোকজনের মনে হলে শিশুটিকে অগ্নিদাহ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দু’দিন পর উন্নত চিকিৎসার জন্য তাবাছছুমকে ঢাকা বার্ন ইউনিটে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার সাহা জানান, ‘মারা যাওয়ার খবর শুনেছি, আমাদের এখনো কেউ অবহিত করেনি।’