ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কের বেহাল দশা। এতে জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থা নিরসনে মহাসড়কটি দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভাঙ্গা-ফরিদপুর চার লেন দ্রুত বাস্তবায়ন আন্দোলনের ব্যানারে ফরিদপুর প্রেসক্লাবের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ সময় তারা খানাখন্দে ভরা ৩০ কিলোমিটার মহাসড়ক দ্রুত সময়ের মধ্যে চলাচলের উপযোগী করা না হলে অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুরের সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান শামীম, প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাঈম ইতু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।

প্রসঙ্গত, প্রয়োজনীয় সংস্কারের অভাবে মহাসড়কের এ অংশে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে সেটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পরে এই পথে যানচলাচল বহুগুণ বেড়ে গেছে। এ অবস্থায় মহাসড়কটির এই অংশ চার লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেয়া হয়। তবে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় ওই কাজ থেমে আছে। অন্যদিকে, চার লেনের প্রকল্প গ্রহণের পর সড়ক সংস্কারের কাজও তেমন হয়নি। ফলে পদ্মা সেতুর সুফল পাচ্ছে না এ অঞ্চলের মানুষ। সড়ক বিভাগ জানিয়েছে, বৃষ্টি কমে গেলে তারা দ্রুতই প্রয়োজনীয় মেরামত কাজ শুরু করবেন।