প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে লবন চাষি ও ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যায্য মূল্য নিশ্চিত না হলে কক্সবাজারে কঠোর কর্মসূচি দেয়ার কথা জানানো হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
একইসাথে কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় ইন্ডাস্ট্রিয়াল সল্ট নাম দিয়ে চাহিদার অতিরিক্ত লবণ আমদানি বন্ধের দাবিও জানানো হয়।
‘ব্যবসায়ী সংগ্রাম পরিষদের’ সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। এছাড়া বক্তব্য দেন খোকন মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম মেম্বার, শোয়াইবুল ইসলাম সবুজ, আহসানুল কাদের চৌধুরী, সাব্বির নুরুল আজম প্রমুখ।
সভায় বক্তারা জানান, চলতি বছর আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকায় কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের ভালো উৎপাদন হচ্ছে। কিন্তু উৎপাদন মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত প্রান্তিক চাষিরা লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না। বর্তমানে মাঠ পর্যায়ে লবণের দাম সর্বনিম্ন পর্যায়ে। মাঠে লবণের দাম ২০০ টাকার নিচে চলে এসেছে। অথচ এক মণ লবণের উৎপাদন খরচ ৩৫০ টাকার চেয়ে বেশি পড়ে। এ অবস্থায় চলতে থাকলে আগামী মৌসুমে চাষিরা লবণ চাষে উৎসাহ হারিয়ে ফেলবে।
চলতি বছর লবণের মূল্য ন্যায্য না পাওয়ার জন্য ঢাকা কেন্দ্রীক একটি মিল মালিক সিন্ডিকেটকে দায়ী করেছেন বক্তারা। তারা বলেন, এ মিল মালিক সিন্ডিকেট ইন্ডাস্ট্রিয়াল সল্টের নামে চাহিদার অতিরিক্ত লবণ আমদানি করছে।
বক্তারা চাহিদার চেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি বন্ধ এবং লবণের ন্যায্য মূল্য নির্ধারণ না হলে কক্সবাজারে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।