চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) ফের গ্যাস সঙ্কটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে উৎপাদন বন্ধ করে দেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালনাধীন এ কারখানাটি।

এর আগে যান্ত্রিক ত্রুটিজনিত সমস্যায় গত ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল কারখানাটিতে। দেড় মাস পর ফের কারখানায় উৎপাদন বন্ধ হয়ে পড়ে।

সিইউএফএল সূত্র জানায়, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার গ্যাস বিতরণ প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে ইউরিয়া উৎপাদনে গ্যাস নেয় সিইউএফএল। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি থেকে উৎপাদনে ফিরে সিইউএফএল।

বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, কারখানায় শুক্রবার সকাল ৭টা থেকে গ্যাস সঙ্কটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

জানা যায়, সচল থাকলে দৈনিক এক হাজার ৭০০ টন সার উৎপাদিত হওয়ার কথা। বার্ষিক উৎপাদন ক্ষমতা পাঁচ লাখ ৬১ হাজার টন ইউরিয়া এবং তিন লাখ ১০ হাজার টন অ্যামোনিয়া।

কেজিডিসিএল সূত্রে জানা গেছে, সিইউএফএল দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেত। অপরদিকে চট্টগ্রামের আরেক বেসরকারি সার উৎপাদন কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) দৈনিক ৪২ থেকে ৪৩ মিলিয়ন গ্যাস নেয় কেজিডিসিএল থেকে।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার।