মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র মুনতাছির জামান (১২) ও কলেজছাত্র তারিক হোসেন (২৬) নামে দু’শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।
মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে গাংনী উপজেলার তেরাইল ও কামারখালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুনতাছির জামান গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও ছাতিয়ান বাওট হাফিজিয়া মাদরাসার ছাত্র। এছাড়া নিহত তারিক হোসেন একই উপজেলার কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে ও কাজিপুর কলেজের ছাত্র বলে জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে তিনি জানান, গাংনী উপজেলার কামারখালি গ্রামের সেতুর কাছে ইটবোঝায় লাটাহাম্বার ধাক্কায় নিহত হয়েছেন মাদরাসাছাত্র মুনতাছির জামান। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে বেলা আড়াইটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তারিক হোসেন, সোহাগ হোসেন ও আমজাদ হোসেন নামের তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে ওসি বানী ইসরাইল জানান, তেরাইল সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে এ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে তাদের মধ্যে তারিক ও সোহাগের অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারিক।