নেত্রকোনায় ঈদগাহ মাঠে যাত্রা, স্থানীয়দের নিন্দা

দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের মাঠে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করে আসছেন। গত ৩১ মার্চ ঈদুল ফিতরের নামাজও আদায় করেন এলাকাবাসী।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

স্থান

নেত্রকোণা

Netrokona
যাত্রাপালায় অভিনয় করছেন এক নারী | নয়া দিগন্ত

নেত্রকোণায় প্রতিবাদের মুখে ঈদগাহ মাঠে যাত্রাপালা অনুষ্ঠিত হয়ে গেল। খেলাফত আন্দোলনের নেতাকর্মী ও এলাকাবাসী ওসির কাছে লিখিত অভিযোগ দেয়ার পরেও তিনি গ্রহণ না করায় নির্বিগ্নে রোববার রাতে নেত্রকোনা সদর উপজেলা দক্ষিণ বিশিউড়া হাইস্কুল ঈদগাহ মাঠে এই যাত্রাপালা অনুষ্ঠিত হয়।

খেলাফত আন্দোলন একই স্থানে রোববার বিকেলে দোয়া মাহফিলের ঘোষণা দেয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা প্রশাসনের কোনো সহযোগীতা না পাওয়ায় তারা ওই স্থানে পূর্ব ঘোষিত দোয়া মাহফিল করতে পারেনি। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের মাঠে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করে আসছেন। গত ৩১ মার্চ ঈদুল ফিতরের নামাজও আদায় করেন এলাকাবাসী। দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি রহিছ মিয়া ও তার সহযোগীরা স্কুল ঈদগাহ মাঠে এই যাত্রাপালার আয়োজন করেন।

এ বিষয়ে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আব্দুর রহিম তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে নয়া দিগন্তকে বলেন, ‘আমি প্রশানকে এ বিষয়ে আগেই অবহিত করেছি, কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে প্রকারান্তরে যাত্রার আয়োজকদের সহযোগীতা করায় সেখানে নির্বিগ্নে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ নয়া দিগন্তেকে বলেন, ‘ওই খানে যাত্রা নয় নাটকের আয়োজন করা হয়েছিল।’