সাভারে জুলাই ঘোষণাপত্রসহ ৬ দাবিতে লিফলেট বিতরণ বিতরণ ও প্রচারণা চালিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সাভারের বিভিন্ন স্থানে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে। এ সময় আপ বাংলাদেশ প্লাটফর্মের কেন্দ্রীয় সদস্য বদরে আলম শাহীনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। ছাত্র-শিক্ষক, শ্রমজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।
দাবিগুলো হলো- জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম-খুন ও বিচারিক হত্যার বিচার করা, পুলিশ ও প্রশাসনের দৃশ্যমান সংস্কার।
আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য বদরে আলম শাহীন বলেন, গত জুন মাসে আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে ১৬টি সিরিজ আলোচনা সভা করেছি। জুলাই মাসজুড়েই আমরা সারাদেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার সাভারে গণসংযোগ করেছি আমরা।
তিনি বলেন, সরকারকে অবশ্যই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ যথাযথভাবে ঘোষণা করতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন করে যারা অর্থ পাঁচারের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, আমরা দেখেছি, গতকাল সোমবার সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে ড্রাফট এসেছে তা একদম সাদামাটা। এখানে বিডিআর হত্যাকাণ্ড স্পেসিফিক উল্লেখ নাই, শাপলা হত্যাকাণ্ড, মাওলানা সাইদীর রায়ের পর হত্যাকাণ্ড, ২১-এর মোদী বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এগুলো স্পেসিফিক উল্লেখ নাই। এমনকি, ২৪-এর গণঅভ্যুত্থানের বর্ণনাও যথাযথ নয়। এখানে- ১৪ জুলাই নারীদের হলের তালা ভেঙে বের হয়ে আসা, ১৭ তারিখ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ১৮-১৯ তারিখে স্কুল-কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদরাসা ছাত্রদের প্রতিরোধ এগুলো আলাদা উল্লেখ দাবি রাখে। এছাড়াও জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের দিবসের কর্মসূচিগুলো উল্লেখ জরুরি। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং আওয়ার হিরোজ, লং-মার্চ টু ঢাকাসহ সব।
তিনি আরো বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজি বন্ধ করতে হবে। আমরা পথে প্রান্তরে মানুষের কাছে যাচ্ছি। তারা আমাদের সাথে একমত পোষণ করছেন। সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। যখন মানুষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার কেউ নেই তখন আমরা সেসব বিষয় তুলে ধরার জন্য পথে নেমেছি। জুলাই প্রশ্নে আপোসহীন থাকবে আপ বাংলাদেশ।
এ সময় নেতৃবৃন্দ আগামী ১ আগষ্ট শাহবাগে জুলাই ঘোষনাপত্র যেন যথাযথভাবে করা হয় তার দাবিতে সমাবেশ করা হবে বলে জানান তারা।