দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে আশার আলো দেখিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)। প্রতিষ্ঠানটির আওতাধীন রশিদপুর গ্যাস ফিল্ডের পুরোনো ৩ নম্বর কূপ রিফ্রেশ করে আজ সোমবার দুপুর ১২টা থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে।

এসজিএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল জলিল প্রামাণিক দৈনিক নয়া দিগন্তকে জানান, ‘সপ্তাহখানেক আগে কূপটি থেকে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখা দিয়েছিল। আজ তা বাস্তবে পরিণত হয়েছে।’

গতকাল রোববার রাত ৮টা ৫৭ মিনিটে রশিদপুর-৩ কূপের ওয়ার্কওভার শেষে ১৩৩০ পিএসআইজি প্রেসারে আনুমানিক ৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস প্রবাহ শুরু হয়। ক্লিনআপ শেষে আজ সোমবার থেকে তা জাতীয় গ্রিডে যুক্ত হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর ওয়ার্কওভারের সময় কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়। আগামী ১০ বছরে কূপটি থেকে ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১২টি কূপের মধ্যে সাতটি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। নতুন কূপ যুক্ত হওয়ায় তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ মিলিয়ন ঘনফুটে।

এসজিএফএল সূত্রে আরো জানা গেছে, রশিদপুর-৩ এর পাশাপাশি সিলেটের গোলাপগঞ্জে কৈলাশটিলা-১ এবং বিয়ানীবাজার-২ কূপের ওয়ার্কওভারের কাজ চলমান রয়েছে। রশিদপুর গ্যাস ফিল্ডে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান থাকায় গ্যাস উত্তোলন ও সরবরাহে কোনো জটিলতা নেই।

উল্লেখ্য, গত ১২ জুলাই পুরোনো রশিদপুর-৩ কূপে অনুসন্ধান কার্যক্রম শুরু করে বাপেক্স।