চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ২২ শিশু-কিশোর পুরস্কার পেয়েছে। উপজেলার ৫ নম্বর ও চমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আবদুর রশিদ মিস্ত্রি জামে মসজিদে এই আয়োজন করা হয়।
গেল বৃহস্পতিবার তারাবির নামাজের পর ২২ জন শিশু-কিশোরের মধ্যে নগদ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
যারা টানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাদের পাঁচ হাজার টাকা করে, যারা চার ওয়াক্ত নামাজ আদায় করেছে তাদের চার হাজার টাকা করে এবং যারা দুই-তিন ওয়াক্ত নামাজ আদায় করেছে তাদের এক হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।
মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি ডা. এস এ ফারুকের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম জানান, ‘মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই প্রতিযোগিতায় ২৪ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতিদিন মসজিদে উপস্থিতির বিষয়টি তদারকি করা হতো। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের শর্ত দেয়া হয়েছিল।’
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. এস এ ফারুক বলেন, ‘আমি আশাবাদী, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহী করে তুলবে। নামাজের মাধ্যমে আমাদের সমাজ সুন্দর হবে। যেসব শিশু-কিশোর নিয়মিত মসজিদে আসে, তাদের দেখে অন্যরাও নামাজ আদায় করতে আসবে।’
তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মসজিদের খতিব মাওলানা মকসুদ আহমেদ, মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী হুজ্জাতুল ইসলাম নওশা, উপদেষ্টা ফজলুল হক কেনু মিয়া, হাজী শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজমুল করিম নঈম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাষ্টার, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন প্রমুখ উপস্থিত ছিলেন।