শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা চলাকালে কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিঘ্ন ঘটায় রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী হলে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ দর্শকরা।

ঈদের দিন শনিবার (৭ জুন) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ‘তাণ্ডব’ সিনেমা দেখতে ঈদের দিন থেকে সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায়। বৈশাখী হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রযেছে। রাতের শোতে প্রদর্শনীর সময় কারিগরি ত্রুটি দেখা যায়। এ সময় সিনেমা বন্ধ হয়ে যায়। এতে দর্শকেরা উত্তিজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভাঙচুর করে।

নাম প্রকাশ না করার শর্তে এক দর্শক বলেন, ‘রাত সাড়ে ১০টার সময় কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হল কর্তৃপক্ষ যখন সিনেমা প্রদর্শনীতে ব্যর্থ হয় তখন দর্শকরা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় তারা টিটিকের টাকা ফেরত চায়। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।

বৈশাখী হলের ব্যবস্থাপক মো: মনিরুল ইসলাম বলেন, ‘রাতের শোতে সাড়ে ১০ টার দিকে সার্ভার জটিতলা দেখা দেয়। প্রায় ৩০ মিনিটের মতো এই জটিতলা ছিল। তখন কিছু দর্শক উত্তেজিত হয়ে যায়। এ সময় হলে ভাঙচুর করে। আমার লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।’

তবে কালুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। কেউ এ বিষয়ে অভিযোগও করেনি। হলের মালিক অভিযোগ নিয়ে আমাদের কাছে এলে ব্যবস্তা নেয়া যেত।’