চট্টগ্রামের লোহাগাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি শাইরা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুখছড়ি নতুন পাড়ার প্রবাসী মো: পারভেজের কন্যা তাবাচ্ছুম বিনতে তানজুম (৮) ও ছেলে তানজিমুল ইসলাম রাফি (৭)। তারা দু’জনই নূরানী মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুখছড়ি কামার দিঘীর পাড়ার নতুন পাড়া নিজ বাড়ি থেকে গত ২ এপ্রিল মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে দুই ভাই-বোন। শুক্রবার বেলা ১২টার দিকে পুকুরে গোসল করতে নামে তারা। পরে আর বাড়ি ফেরেনি।
এদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের চাচী উম্মে ছালমা জানান, ‘তানজুম ও রাফি নানার বাড়িতে পুকুরে ডুবে মারা যায়। পরে তাদের গ্রামের বাড়িতে আনা হয়।’