ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে এক ‘মাদক সম্রাজ্ঞী’ ও তার পরিবারের সদস্যসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সেনা ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়।
এ সময় প্রথমে সাতজনকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে এলাকাজুড়ে অভিযান চালিয়ে আরো আটজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৪৫ কেজি গাঁজা, ৩৩৭ পিস ইয়াবা, ২১১ প্যাকেট হেরোইন, ৬১টি দেশীয় অস্ত্র এবং দু’টি বিদেশী মদের বোতল উদ্ধার হয়।
সেনা সূত্র জানায়, গত কয়েক সপ্তাহযাবত ফরিদপুর আর্মি ক্যাম্পে গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তি এলাকায় মাদক পাচার, দখলদারিত্ব ও স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ আসছিল। গোপন সূত্রে তথ্য পাওয়া যায়, শিল্পী বেগম ও তার পরিবার এলাকায় একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছে। যেখানে নারীদের ব্যবহার করে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করা হচ্ছিল। অনুসন্ধানে উঠে আসে, শিল্পীর সাথে ভারতীয় মাদক পাচার চক্রের সরাসরি যোগাযোগ রয়েছে এবং ভারত থেকে গাঁজা এনে এই এলাকায় সরবরাহ করে একটি অবৈধ অর্থনৈতিক প্রভাব বিস্তার করে আসছিল।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।