মৌলভীবাজারে সুজন মিয়া (৩৮) নামে জেলা জজ আদালতের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে।

অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, রোববার রাত ১১টার দিকে সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনের পাশের একটি ফুচকার দোকানের সামনে ছিলেন। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

মৌলভীবাজার জেলা বারের আইনজীবী ও সরকারি সহকারী আইনজীবী এস এ এম হাবিবুল্লাহ জানান, ‘সুজন আমার বন্ধু। আমরা একসাথে বার কাউন্সিলের সনদ প্রাপ্ত হই। তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘আমরা প্রশাসনের কাছে খুনিদের অতিসত্বর গ্রেফতারের দাবি জানাই। আগামীকাল (সোমবার) মৌলভীবাজার জেলা জজ আদালতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।