ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল কালাম আশুলিয়ার নিরিবিলি এলাকার খালেক সরদারের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আবুল কালাম ওরফে তুতলা কালামকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রোববার রাতে ছাত্র-জনতা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।