নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে মাদককারবারিদের বিরুদ্ধে।

রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে মাগুরা বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যামলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: খোকন হাওলাদারের নেতৃত্বে চার সদস্যের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শ্যামলের চায়ের দোকানে মাদককারবারি হারুনের শরীর তল্লাশি করা হচ্ছিল। তল্লাশির সময় সেখানে উপস্থিত ইয়াবা ব্যবসায়ী হারুন, কামাল, শ্যামল, আকিদুলসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে এসআই খোকনের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

পুলিশ জানিয়েছে, এ সময় হারুনের কাছে থাকা আনুমানিক ৩০০ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদককারবারিরা এসআই খোকনকে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযুক্ত মাদককারবারি মো: হারুন উর রশিদ লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে।

পরে স্থানীয়রা আহত এসআই খোকনকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাইদুল্লা হিমেল জানান, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।