বাংলাদেশ-ভারত সীমান্তে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট ও সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাস্টমস ও ইমিগ্রেশন সতর্কতা অবলম্বন করে পাসপোর্ট যাত্রী ও তাদের কাগজপত্রসহ ব্যাগ ব্যাগেজ তল্লাশির কাজ করছেন।
বুধবার (১১ জুন) দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, পাসপোর্ট যাত্রীদের সাবান দিয়ে হাত ধুয়ে, মুখে মাস্ক পড়ে এবং নির্ধারিত দূরত্ব বজায় রেখে পাসপোর্ট ও ব্যাগ ব্যাগেজ তল্লাশির কাজ করা হচ্ছে।
ভারত ফেরত ফরিদপুরের এক পাসপোর্ট যাত্রী শ্রী নীল কমল জানান, করোনা ভাইরাস ভারতের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে কিন্তু তাদের কাস্টমস ইমিগ্রেশনে বা বিএসএ ফের চৌকিতে পাসপোর্ট যাত্রীদের তেমন কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয়া চোখে পড়েনি।
দর্শনা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো: রমজান আলি জানান, করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো লিখিত চিঠি আমরা পায়নি। তবে বুধবার সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের সাবধানতা অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দেশের অন্য স্থল পথে যেভাবে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জাানা গেছে। সে তুলনায় দর্শনা ইমিগ্রেশনে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বা চিকিৎসক টিম বসানো হয়নি, এ কারণে ভাইরাসটি শনাক্তকরণে সমস্যা হতে পারে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা: হাদি জিয়াউল আহম্মেদ জানান, চেকপোস্টে সতর্কতার সাথেই কার্যক্রম চালানো হচ্ছে, তবে ভয় বা আতঙ্কের কিছু নেই। আমাদের জেলায় এখনো করোনা ভাইরাসের কোনো পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি।