পিরোজপুরের কাউখালীতে মাত্র ছয়জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক নিয়ে চলছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষকদের অবহেলায় স্কুলটিতে শিক্ষার্থী সংখ্যা কমে গেছে বলে অভিযোগ অভিভাবকদের।
মঙ্গলবার (২২ এপ্রিল) সরেজমিনে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গিয়ে এ চিত্র দেখা যায়।
জানা যায়, বিদ্যালয়টিতে তিনজন শিক্ষক রয়েছেন। এছাড়া উপস্থিতি ছাত্র-ছাত্রীর সংখ্যা মাত্র ছয়জন। পরে বিদ্যালয়ের ডকুমেন্টে দেখা যায়, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো ছাত্র-ছাত্রী নেই, তৃতীয় শ্রেণিতে দু’জন ছাত্রী, চতুর্থ শ্রেণিতে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং পঞ্চম শ্রেণিতে দু’জন ছাত্র ও দু’জন ছাত্রী রয়েছে। সব মিলিয়ে বিদ্যালয়টিতে কাগজে-কলমে শিক্ষার্থী রয়েছে আটজন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক অভিভাবক জানান, বিদ্যালয়ের শিক্ষকদের আগ্রহ কম। কারণ তারা তো মাস গেলে ঠিকই বেতন পান। বিদ্যালয়ের আশপাশে ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর সিকদার জানান, ‘ভৌগলিক অবস্থা ও যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে।’
তবে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, ‘ভৌগোলিক সমস্যার পাশাপাশি শিক্ষকরা যদি আন্তরিক হতো তাহলে বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেত।’
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেয়ার।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান জানান, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যে বিদ্যালয়ে ২০ জনের কম শিক্ষার্থী রয়েছে তাদের কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমন্বয় করা হবে। এ ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।’