কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশী জি-থ্রি রাইফেল, দু’টি ম্যাগাজিন, পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) ভোরে টেকনাফের স্থলবন্দরের কাছে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করার খবরে মঙ্গলবার ভোর রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীন বিসিজি স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে করা এ অভিযান চলাকালে চারজন ব্যক্তিকে কয়েকটি বস্তাসহ টেকনাফ স্থল বন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায়। এ সময় তাদের ধাওয়া করলে অস্ত্র ও গোলাবারুদের দুটি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশী জি-থ্রি রাইফেল, দু’টি জি-থ্রি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় দু’নলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড জি-থ্রি রাইফেলের তাজা গোলা উদ্ধার করা হয়। তবে অস্ত্র পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ অস্ত্র, গোলা বারুদ ও সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।