চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে সিএনজিতে থাকা দু’যাত্রীর মৃত্যু হয়েছে। এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। এ সময় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো: ওয়াজেদ জানান, বাঁশখালী চাম্বল থেকে যাত্রী নিয়ে আসার সময় মাজার গেইট এলাকায় শহরগামী একটি মাইক্রোবাসের সাথে সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির দু’যাত্রী মারা যায়। এ সময় সিএনজিতে থাকা আরো দু’যাত্রীকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদের চমেক হাসপাতালে নেয়া হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিস্তারিত পরিদর্শন শেষে জানা যাবে।’
এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, ‘গুরুতর আহত দু’জনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’