রংপুরে সাড়ে ৪০০ কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতের ধরন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়ার পূর্বাভাস দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রাডার স্টেশন।

রোববার (১১ মে) দুপুরের দিকে রংপুর মহানগরীর খামার এলাকায় আবহাওয়া অফিসে রাডার স্টেশনটির উদ্বোধন করেন আবহাওয়া বিভাগের পরিচালক মমিনুল ইসলাম।

এ সময় আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মমিনুল ইসলাম বলেন, নতুন রাডারের মাধ্যমে রংপুর আবহাওয়া কেন্দ্র থেকে চারদিকে সাড়ে ৪০০ কিলোমিটার এলাকা পর্যন্ত ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাতসহ আবহাওয়ার আগাম নানা তথ্য দেয়া সম্ভব হবে।

তিনি বলেন, কালবৈশাখী মেঘের অস্তিত্ব, টর্নেডোর মেঘ, বজ্রপাতের ধরণ বলে দিতে পারবে এই রাডার। দুর্যোগের বেশ কয়েক ঘণ্টা আগে তথ্য পাওয়ায় সংশ্লিষ্টদের সঠিকভাবে পূর্বাভাস দেয়া যাবে। আর এটি দীর্ঘ বছর ধরে সেবা দিতে সক্ষম। ১৩০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ও জাপানের সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে স্টেশনটি নির্মাণ হয়েছে বলেও জানান তিনি।