বগুড়া শহরের বিভিন্ন দোকানে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু ও দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখা ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় দোকানদারদের এ ধরনের চাকু কেনাবেচা ও মজুদ সম্পর্কে সতর্ক করা হয়। একইসাথে সাধারণ মানুষকে ফোল্ডিং চাকুর অপব্যবহার সম্পর্কে সচেতন করা হয়।

রোববার (২৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে ধারাল অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

সম্প্রতি চাকু-ছুরি ব্যবহার করে বগুড়া জেলায় খুনসহ ছিনতাই বেড়ে যাওয়ার কারণে গত সপ্তাহে জেলা পুলিশ ছুরি-চাকু সন্ত্রাসবিরোধী জনসচেনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করে।