বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, ‘অনেক সংবিধান আপনারা দেখেছেন। বাপের তৈরি সংবিধান, স্বামীর তৈরি সংবিধান। তবে কোনো সংবিধান বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। এদেশ এবং এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহ কোরআনকে এ জমিনের সংবিধান বানানো প্রয়োজন বলে জামায়াতে ইসলামী বিশ্বাস করে। তাই এদেশের মানুষের কপাল বদলাতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে হবে।’
শনিবার (২২ মার্চ) বাংলাদেশ জামায়েত ইসলামী বারখাইন ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ‘স্বৈরাচারী হাসিনা সরকার শুধু একা পালাইনি, তাদের স্বজনকে সাথে নিয়ে পালিয়েছে। তবে পালিয়ে যাওয়ার আগে দেশের রিজার্ভ খেয়ে গেছে। ব্যাংক লুট করে গেছে যাতে বাংলাদেশের জনগণ দুর্ভিক্ষে মরতে পারে। এসব করার পরেও তারা আবারো দেশে এসে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তাদের জেনে রাখা উচিত এদেশের জনগণের বুকে যতক্ষণ রক্ত আছে এদেশের জনগণ কখনো তাদের পুনর্বাসন হতে দিবে না।’
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বারখাইন ইউনিয়ন শাখার সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার মনছুর আলী বক্তব্য রাখেন।
বারখাইন ইউনিয়নের সেক্রেটারি মাহফুজ কলির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গণি, সেক্রেটারি মো: আবুল হাসান খোকা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: নাছির উদ্দীন শাহ প্রমুখ।