রাজধানীতে স্থানান্তর নয় বরং সিলেট বিভাগের জোনাল সেটেলমেন্ট প্রেসকে আরো কার্যকর করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ অবস্থায় সিলেটের নাগরিকরা ভূমি সংক্রান্ত যেকোনো কাগজপত্র কিংবা যেকোনো ভূমিসেবা আগের চেয়ে দ্রুত সময়ে পাবেন।

রোববার (৩১ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট বিভাগের আওতাধীন ৩৬টি উপজেলায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয় ১৯৮৭-৮৮ সালে। সেই থেকে আজ পর্যন্ত সিলেটে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। জনস্বার্থে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে ২০১২ সালে এ মিনি প্রেস স্থাপিত হয়। সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেসটি আরো কার্যকর করার বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এটি সরানোর কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ সরকারের নেই।

সংশ্লিষ্ট সূত্র আরো জানিয়েছে, জনস্বার্থে প্রেসটি আরো আধুনিকায়ন ও কার্যকর করার নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো জনগণকে জটিলতা ছাড়াই ভূমিসেবা প্রদান এবং ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সেটেলমেন্ট কার্যক্রমকে অধিক গতিশীল করা।