কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় চার রোহিঙ্গার মরদেহসহ আরো ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ অভিযানের সময় সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার (২২ মার্চ) সকালে নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এ ঘটনা ঘটে।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগর পথে বাংলাদেশে অনুপ্রবেশকালে নৌকার তলা ফেটে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পাশের সাগরে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। বিকেলে স্হানীয় জেলেদের সহায়তায় সাগর থেকে এক শিশু ও তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গা বোঝাই নৌকার উদ্ধার অভিযানের সময় একজন বিজিবি সদস্য সাগরে এখনো নিখোঁজ রয়েছেন।’