গাজীপুরে চোর সন্দেহে হাত-পা বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে হত্যাকাণ্ডের ঘটনাকে জমিসংক্রান্ত বিরোধের জের বলে দাবি করেছেন নিহতের পরিবার।
রোববার (১৫ জুন) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) মহানগরের চাপুলিয়া এলাকার হুমায়ূন কবিরের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার সন্ধ্যায় কিছু লোক হ্যাভেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে চুরির অপবাদে নির্মমভাবে মারধর করে তারা। একপর্যায়ে রোববার ভোরে মারা যান হ্যাভেন। পরদিন সকাল ৭টার দিকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এদিকে নিহতের পরিবার ও স্বজনরা জানিয়েছেন, হ্যাভেনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের সাথে পরিবারের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এ নির্মম হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।
তারা অভিযোগ করেন, অনেক বড় অপরাধী হলেও কাউকে এভাবে পিটিয়ে হত্যা করা যায় না। এটা নিঃসন্দেহে অপরাধ।
জিএমপির সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘নিহতের হাতেপায়ে বাঁধন ছিল এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সন্দেহভাজনদের শনাক্ত করতে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নিহত হ্যাভেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।