বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মাছ পরিবহন করার অভিযোগে তিন হাজার ১২০ কেজি মাছসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) পৌরসভার মাছ বাজারের পেছনে ট্রলারে অবৈধ বিক্রির উদ্দেশে আনা মাছসহ ট্রলারটি আটক করা হয়।
সদর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা মৎস্য অফিসার ও বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসানের সমন্বয়ে একটি অভিযানিক টিম রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। বরগুনা পৌরসভার মাছ বাজারের পেছনে ট্রলারে অবৈধ বিক্রির উদ্দেশে আনা অবৈধ উপায়ে ধরা তিন হাজার ১২০ কেজি সামুদ্রিক মাছসহ ট্রলারটি আটক করা হয়।
এ ঘটনায় মাছ ও ট্রলারের প্রকৃত মালিক না পাওয়ায় জেলা মৎস্য কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ওই মাছ ঘটনাস্থলেই তিন লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা নিলাম ডেকে বিক্রি করেন। ঘটনাস্থলে অবৈধ সামুদ্রিক মাছ বহনকারী ট্রলারের প্রকৃত মালিক না পাওয়ায় বর্তমানে ট্রলারটি জব্দ করা হয়েছে।
এর আগে ১৫ এপ্রিল ২০২৫ থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মন্ত্রণালয়ের মৎস্য-২ বিভাগ রাষ্ট্রপতির নির্দেশক্রমে বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।