আল্লাহর ভয় থাকলে দুর্নীতি-অনিয়ম থেকে মুক্ত থাকা যায় মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শাসুল ইসলাম বলেছেন, ‘আখিরাতে আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় থাকলে দুর্নীতি ও অপরাধ থেকে মুক্ত থাকা যাবে। আমরা দুনিয়াতে এসেছি, আবার সবাইকে চলে যেতে হবে। দুনিয়া থেকে চলে গেলেই সব শেষ হয়ে যায় না, দুনিয়াতে করা প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে।’
শুক্রবার (২৫ এপ্রিল) লোহাগাড়ার পদুয়ায় এক জানাজার নামাজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আ ন ম শাসুল ইসলাম বলেন, ‘আমাদের সকলকে আল্লাহর হক ও মানুষের হক নিয়ে আরো বেশি সচেতন হতে হবে। আরেকজনের হক দুনিয়াতে নষ্ট করেছেন, মনে করবেন না এখানেই শেষ। মৃত্যুর পর আল্লাহর আদালতে সবকিছুর জবাবদিহি করতে হবে।’
শুক্রবার সকাল ১০টার দিকে পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সদস্য ও পদুয়া জেবিএস গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সমাজসেবক নুরুল আফসারের (৬০) জনাজায় মানুষের ঢল নামে। আগের দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চমেক হাসপাতালে ইন্তেকাল করেন।
এ সময় জানাজায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম প্রমুখ, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবচার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি ফজল আহমদ হারুন, নুরুল ইসলাম সিকদার, কাজী জসিম উদ্দিন, এনামুল হক এনাম, বিএনপি নেতা আবু সাঈদ চৌধুরী টিটু, জসিম উদ্দিন, আবুল হাশেম ও প্রবাসী আবুল কাশেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই দিন সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার পানত্রিশা এলাকায় জামায়াত নেতা মাওলানা নেজাম উদ্দিনের মায়ের জানাজায় অংশ নেন মাওলানা শামসুল ইসলাম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, আমিরাবাদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, পুটিবিলা ইউনিয়ন জামায়াতের আমির নাজিম উদ্দিন, চুনতীর সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, পুটিবিলার সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।