খুলনায় একের পর এক পৃথক দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার নগরীর শিপইয়ার্ড এলাকায় একটি হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে আবদার শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শিপইয়ার্ড এলাকার ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান, আজ ভোর ৫টার দিকে কুকুরের ডাক শুনে আশরাফুল ইসলাম নামে একজন ভাড়াটিয়া ঘুম থেকে উঠে দেখতে পান, হাজী মো: মোশারফ হোসেনের বাড়ির পেছনের পশ্চিম দিকে হাত-পা বাঁধা এবং মাথা-মুখ পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। লবণচরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
লবণচরা থানার এসআই মো: জাকির হোসেন জানান, নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, তাকে প্রথমে জখম করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ বিশেষ টিম নিয়োগ করেছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় আবদার শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জানা গেছে, রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মনি শেখ তার স্ত্রীর সাথে আবদার শেখকে বিছানায় দেখে রাগান্বিত হয়ে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মনি শেখ তার লাশ বাথরুমের পাশে একটি গর্তে বস্তাবন্দী করে ফেলে দেয় এবং তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত তানজিলাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদার শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। আসামি মনি শেখকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।