কালিমার পতাকাবাহী মানবতার ফেরিওয়ালা সত্তরোর্ধ্ব আব্দুল হামিদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় পাবলিক হলের সামনে নেত্রকোনার সর্বস্তরের সচেতন নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব আব্দুর রহিম, মাওলানা খায়রুল বাশার, জামায়াতে ইসলামী নেতা মুহাম্মদ আব্দুল মাজেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিন ইয়ামিন, নারী নেত্রী সুলতানা আক্তার, রেবেকা ইয়াসমিন, ছাত্রনেতা ফাহিম রহমান পাঠান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘সকলের অতি পরিচিত মানব সেবক আব্দুল হামিদ করোনাকালীন অসহায় রোগীদের সেবা দিয়েছেন। সাম্প্রতিক ঝড়ে লণ্ডভণ্ড হওয়ার পর পানির তীব্র সঙ্কট দেখা দিলে তিনি ভ্যানগাড়ি দিয়ে ঘরে ঘরে পানি পৌঁছে দিয়েছেন। পচা ও গলাসহ অসংখ্য রোগীদের নিজ খরচে নিজ হাতে চিকিৎসা সেবা দিয়েছেন এই আব্দুল হামিদ, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামের একজন সেবক হিসেবে নিয়মিত কালিমার পতাকা নিয়ে সারা শহর ঘুরে বেড়ানোর একটি বিশেষ মহলের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে চক্ষুশূলে পরিণত হন তিনি।’

তারা আরো বলেন, ‘তাকে ফাঁসানোর জন্য ওই বর্ণচোরা চক্রটি ধর্ষিতা আছিয়ার তকমা লাগিয়ে পরিকল্পিতভাবে সদর উপজেলার খতিবনগুয়ার মরহুম মোতালেবের বিতর্কিত অষ্টাদশী নেভি আক্তারকে ব্যবহার ও বাদি সাজিয়ে আব্দুল হামিদকে আসামি করে ধর্ষণ মামলা করা হয়। ১৭ মার্চ নেত্রকোনা মডেল থানায় এ মামলা করা হয়। পুলিশ কোনো তদন্ত না করেই তড়িঘড়ি করে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।’

এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দেয়া না হলে হরতাল-অবরোধসহ লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।