বরিশালে বালুমহাল ইজারা দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন ও মালামাল ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপি নেতাসহ ১১ জনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বে) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

একইসাথে অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের দফতর থেকে ঘটনা তদন্ত করে আগামী পাঁচ দিনের মধ্যে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেয়ার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরী আলালকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রাথমিক সদস্যসহ পদ স্থগিত নেতারা হলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুর হোসেন সুজন, হিজলা উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খন্দকার, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, বিএনপিকর্মী রুবেল, জাহিদ ও বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম।

এদিকে একই মামলার আসামি ১২ জনের মধ্যে ১১ জনের দলীয় পদ স্থগিত হলেও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের সদস্য পদ স্থগিত না হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কেউ কেউ বলছেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের ঘনিষ্ঠ হওয়ায় তাকে বহিষ্কার করা হয়নি।